গৃহস্থের ঘরের বারান্দায় আগুন লেগে আতঙ্ক
দি নিউজ লায়নঃ রাতের অন্ধকারে এক গৃহস্থের ঘরের বারান্দায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, ঘরের দরজা তার দিয়ে আটকে বারান্দায় কাপড়ের টুকরো ও তেলের বোতলে আগুন দেওয়া হয়। পরিবারের সদস্যদের মেরে ফেলার চক্রান্ত করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জয়নগর থানার দক্ষিণ বারাসাত পঞ্চায়েতের দক্ষিণ কালিকাপুর গ্রামে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন পুরো নিভে নিয়েছে।
বারান্দায় তেলের বোতল ও পোড়া কাপড়ের টুকরো পড়ে। পুলিশের দাবি, ঘরের দরজায়, জানালায় আগুন দেওয়া হয়নি। আগুনে হতাহতের খবর নেই। এদিকে, কে বা কারা এই কাজ করতে পারে তা নিয়ে পরিবারের লোকজন ধোঁয়াশায় রয়েছেন। বৃহস্পতিবার বিকালে থানায় অভিযোগ করেছে পরিবারের লোকজন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কালিকাপুর গ্রামের বাসিন্দা তুষার কান্তি মণ্ডল ভাই পার্থসারথি মণ্ডল তার পরিবার নিয়ে কয়েক বছর ধরে পিসির বাড়িতেই থাকেন।
এই প্রসঙ্গে পার্থবাবু বলেন, রাত ৩ টের সময় কটু গন্ধে ঘুম ভেঙে যায়। ঘরের দরজায় কিছু তার দেওয়া ছিল। কোনভাবে তা খুলে বাইরে আসতে দেখি সবার ঘরেই তার আটকানো। দাদার ঘরের বারন্দায় তেলের বোতল ও কাপড় জ্বলছে। তা দেখে অন্যদের ডাকাডাকি করলে তারাও কোনভাবে বেরিয়ে আসে। বাসিন্দাদের প্রশ্ন, যদি আগুন লাগিয়ে মেরে চেষ্টা করা হয় তবে বারান্দায় কাপড়ের টুকরোতে আগুন দেবে কেন? ঘরের দরজা তার দিয়ে আটকানো থাকলে তা সহজে খোলা গেল কিভাবে? পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, জমি নিয়ে শরিকি ঝামেলা চলছিল কয়েক বছর ধরে। কেউ ভয় দেখানোর চেষ্টা করতে পারে।

Post a Comment